ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তামিমা তাম্মি ফিরতে চাইলে কোনো আপত্তি নেই : ব্যবসায়ী রাকিব

তামিমা তাম্মি ফিরতে চাইলে কোনো আপত্তি নেই, তাকে গ্রহণ করবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী রাবিব হাসান। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। রাকিব বলেন, তামিমা আইন অনুযায়ী এখনো আমার স্ত্রী। সে যদি ফিরতে চায় আমার পক্ষ থেকে আপত্তি নেই।


তিনি বলেন, পিবিআই এর সুষ্ঠু তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে এসেছে। নাসির এবং আমার স্ত্রী তামিমা অবৈধভাবে বিয়ে করেছে। তামিমা যদি সংসার করতে চায়, সে বিষয়টিও আমি বিবেচনা করবো। এ বিষয়ে আমি আমার আইনজীবীর সাথে পরামর্শ করবো। আমার দায়ের করা মামলায় যেহেতু আদালতে চার্জশিট জমা হয়েছে, তাই বিচারিক কার্যক্রমের মাধ্যমেই আমি এমনটা চাইবো।


এদিকে ক্রিকেটার নাসির হোসেন এবং কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মিসহ ৩জনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন।


এর আগে নাসির ও তামিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন মামলার বাদী ব্যবসায়ী রাকিব হাসান।


রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করেছি।


বৃহস্পতিবার নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে প্রতিবেদন দাখিল করে পিবিআই। পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। এরপরই নাসিরের বিরুদ্ধে অপরের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ ওঠে। ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব।


তদন্ত প্রতিবেদন অনুযায়ী, তামিমা রাকিবকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ায় তামিমা তাম্মি এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল আছেন। দেশের ধর্মীয় বিধিবিধান এবং আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা তাম্মির বিয়ে অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তামিমা এবং রাকিবের বিয়ে হয়। তাদের ৮ বছরের একটি মেয়েও রয়েছে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তামিমা ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্রপত্রিকায় তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

ads
ads
ads

Our Facebook Page

↑